নিজস্ব প্রতিবেদক : মা শুধু একটি সম্পর্ক নয়, ভালোবাসা, ত্যাগ ও নিঃস্বার্থ স্নেহের প্রতীক। সেই মায়েদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় মাদার্স ডে বা মাতৃ দিবস। ২০২৬ সালে এই বিশেষ দিনটি পালিত হলো ১০ মে, রবিবার।

মাতৃ দিবসের মূল উদ্দেশ্য হল পরিবারের প্রতি মায়েদের অবদানকে সম্মান জানানো। এই দিনে সন্তানরা মায়েদের শুভেচ্ছা জানায়, উপহার দেয় এবং তাঁদের সঙ্গে বিশেষ সময় কাটিয়ে ভালোবাসা প্রকাশ করে। আধুনিক মাতৃ দিবসের সূচনা হয়েছিল আমেরিকায়। সমাজকর্মী আনা জারভিস তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই দিন পালনের উদ্যোগ নেন।
পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উডড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে মাদার্স ডে হিসেবে ঘোষণা করেন। এরপর ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে।
এই বিশেষ দিন উপলক্ষে শিলিগুড়ির আসরফনগরে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে অসহায় ও ভবঘুরে মায়েদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবী পূজা মোক্তার জানান, এদিন তিনটি কেক কেটে মায়েদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হয়।
সংগঠনের তরফে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ও আশ্রয়হীন মহিলাদের সেবা ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, নিয়মিত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তাও পৌঁছে দেওয়া হয় তাঁদের কাছে। মাতৃ দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত মায়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বার্তাও দেওয়া হয়েছে বলে জানান পূজা মোক্তার।
মানবিকতা ও সেবার এই উদ্যোগ মাতৃ দিবসকে আরও অর্থবহ করে তুলেছে বলে মনে করছেন এলাকার মানুষ।পূজা মোক্তারকে সহযোগিতার জন্য যোগাযোগ নম্বর
+918918354785

