নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার কৃষ্টি-কল্প মঞ্চে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “আমরা অপরাজিত” ও “নৃত্য মঞ্জিল”-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নিবেদন জানানো হয় গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে।

অনুষ্ঠানের সূচনা হয় “আমরা অপরাজিত”-র পরিবেশনায় “ধ্বনিলো রে” গানের মধ্য দিয়ে। এরপর নৃত্য মঞ্জিলের ছাত্রীরা একের পর এক মনোমুগ্ধকর রবীন্দ্র নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেয়। দেশবন্ধুপাড়ার “আয় তবে সহচরী” গোষ্ঠীর পক্ষ থেকেও পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত।
সাংস্কৃতিক আসরে পায়েল নন্দী, পয়েস্তি আইচ, তীর্থা ও সৃদিত্যার কণ্ঠে “আনন্দধারা বহিছে ভুবনে” বিশেষভাবে দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি আয়ান সোমের কিবোর্ড পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
রবীন্দ্র নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন দীপান্বিতা গুপ্ত, সুব্রত রায়, বিউটি সরকার প্রমুখ। পাপিয়া সরকারের তত্ত্বাবধানে বহ্নিশিখা গোষ্ঠীও সুন্দর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। এছাড়াও নৃত্য মঞ্জিলের খুদে শিল্পীদের “মেঘের কোলে” নৃত্য পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।
এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন মান্তু ঘোষ, সুব্রত রায়, রানা দে সরকার, দীপোজ্যোতি চক্রবর্তী, অনুপ বসু, বিমান দাশগুপ্ত সহ আরও অনেকে। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পিতা দে সরকার ও কাকলি সোম।
অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জয়ন্ত বসাক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী সত্যজিৎ মুখার্জী।

