পড়াশোনার ফাঁকেই কবিতা ও সঙ্গীতের জগতে ঋদ্ধিমার স্বপ্নযাত্রা

নিজস্ব প্রতিবেদক : বর্তমান প্রজন্মের অনেকেই যখন প্রযুক্তির দুনিয়ায় ব্যস্ত, তখন শিলিগুড়ির সংহতি মোড়ের বাসিন্দা ঋদ্ধিমা বসাক নিজের আলাদা পরিচয় গড়ে তুলছে সাহিত্য ও সঙ্গীতচর্চার মধ্য দিয়ে। একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হয়েও বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের প্রতি তার টান চোখে পড়ার মতো।

পড়াশোনার ব্যস্ততার মাঝেও অবসর পেলেই বই-খাতা নিয়ে বসে পড়ে কবিতা লিখতে। অল্প বয়সেই ইতিমধ্যে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলেছে সে।শুধু কবিতাই নয়, সঙ্গীতের প্রতিও রয়েছে তার গভীর অনুরাগ। বিশেষ করে ক্লাসিকাল সঙ্গীত চর্চা ঋদ্ধিমার নিত্যদিনের অভ্যাসের অংশ হয়ে উঠেছে।

পরিবারের সদস্যরাও তার এই সৃজনশীল মানসিকতাকে সবসময় উৎসাহ জুগিয়ে চলেছেন।শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আবাসনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে সকলের প্রশংসা কুড়িয়েছে ঋদ্ধিমা। ছোট্ট বয়সেই তার আত্মবিশ্বাস ও শিল্পভাবনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

ঋদ্ধিমার কথায়, সঙ্গীত ও কবিতার সঙ্গে যুক্ত থাকলে তার মন ভালো থাকে। তাই পড়াশোনার পাশাপাশি এই ধরনের সৃজনশীল কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে ভালোবাসে সে। নতুন প্রজন্মের কাছে ঋদ্ধিমার এই সাহিত্য ও সংস্কৃতিপ্রেম নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করছে।