নিজস্ব প্রতিবেদন : আগামী ২২, ২৩ ও ২৪ মে শিলিগুড়ির শক্তিগড় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে “উত্তরবঙ্গ ফুটবল কাপ”। স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, মেয়েদের মধ্যে ফুটবলের প্রসার বৃদ্ধি এবং ৪০ বছরের ঊর্ধ্বে প্রাক্তন ও প্রবীণ ফুটবলারদের নিয়ে ভেটারেন্স ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবারের টুর্নামেন্টে। আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে মাঠমুখী করাই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।
সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানান, বর্তমানে মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতের প্রতি শিশু-কিশোরদের ঝোঁক ক্রমশ বাড়ছে। তাই বয়স্ক ও অভিজ্ঞ খেলোয়াড়দের মাঠে সক্রিয় অংশগ্রহণ দেখলে ছোটরাও অনুপ্রাণিত হবে এবং খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে বলেই তাঁদের বিশ্বাস।
তিনি আরও জানান, ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে এবং সমাজে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলতে প্রতিবছরই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংস্থাটি। তিনদিনের এই ফুটবল উৎসবকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে।

