কৃতীদের সম্মানে একই মঞ্চে শঙ্কর-গৌতম

নিজস্ব প্রতিবেদক : রাজনীতির ময়দানে তাঁরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু শিক্ষার উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার প্রশ্নে দেখা গেল এক ভিন্ন ছবি। শিলিগুড়ি পুরসভার আয়োজিত কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত থাকলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে পুরসভার বিভিন্ন কাউন্সিলর, আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ও মেয়র গৌতম দেব।

তাঁদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য উৎসাহিত করেন অতিথিরা।অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মেয়র গৌতম দেব সহ উপস্থিত বিশিষ্টজনেরা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মেয়র গৌতম দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ড: শঙ্কর ঘোষ।