রক্তদানে মানবতার নজির, হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির মেগা শিবিরে উৎসাহী সাড়া

Oplus_16908288
  • নিজস্ব প্রতিবেদক :এক ব্যাগ রক্ত, বাঁচাতে পারে একাধিক প্রাণ।
    এই বার্তাকেই সামনে রেখে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।
    স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবিক উদ্যোগটি হয়ে উঠল সাফল্যমণ্ডিত।

শনিবার হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই মানবিক উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

সমিতির সভাপতি সনৎ ভৌমিক জানান, রক্তদান শিবিরে স্থানীয় ব্যবসায়ী সদস্য ও সাধারণ মানুষের আন্তরিক সাড়া এবং সহযোগিতা তাঁদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, এই সংগৃহীত রক্ত সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক পঙ্কজ গুপ্তা, প্রাক্তন সভাপতি বিজয় গুপ্তা, প্রাক্তন সভাপতি তিলকচাঁদ আগরওয়ালা, লায়ন সুরেশ সিনহল-সহ সমিতির অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অতীতেও হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি একাধিকবার রক্তদান শিবির ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে। এবারের উদ্যোগও সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করল বলে মত উপস্থিতদের।