রথযাত্রা কমিটিগুলির হাতে ৫ লক্ষ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদন :
রথযাত্রার আয়োজন আরও সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণ করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শিলিগুড়ির তিনটি রথযাত্রা কমিটিসহ রাজ্যের একাধিক নির্বাচিত কমিটিকে দেওয়া হলো ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীও কমিটিগুলির প্রতিনিধিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

সোমবার দুপুরে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্বাচিত রথযাত্রা কমিটিগুলির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। শিলিগুড়ির পক্ষ থেকে এই সহায়তা পেয়েছে ইসকন রথযাত্রা কমিটি, শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি রথযাত্রা উৎসবের সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট কমিটিগুলিকে শুভেচ্ছা জানান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু। তাঁদের হাত দিয়েই বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

রাজ্য সরকারের এই উদ্যোগ রথযাত্রা উৎসবের আয়োজনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা মত প্রকাশ করেন।