দান, শীল ও ভাবনার পথেই মানবকল্যাণের বার্তা/ গৌতম বুদ্ধের দর্শনকে সামনে রেখে সচেতনতার বার্তা পার্থপ্রতিম বড়ুয়ার

নিজস্ব প্রতিবেদন :–মানবজীবনকে সুন্দর, শান্ত ও কল্যাণময় করে তুলতে আজও অত্যন্ত প্রাসঙ্গিক গৌতম বুদ্ধের দর্শন। দান, শীল ও ভাবনার মতো শিক্ষাই মানুষকে সত্যিকারের মানবিকতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে বলে মত প্রকাশ করলেন কালচিনি করুনা চ্যারিটেবল সোসাইটির সম্পাদক পার্থপ্রতিম বড়ুয়া।

তিনি বলেন, বর্তমান সমাজে হিংসা, অস্থিরতা ও স্বার্থপরতার পরিবেশের মধ্যে বুদ্ধের শিক্ষা মানুষকে নতুন করে পথ দেখাতে পারে। তাঁর কথায়, “দান শুধু অর্থ সাহায্য নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো ও ভালোবাসা ভাগ করে নেওয়াও এক ধরনের দান। সমাজে এই মানসিকতা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।”

পার্থপ্রতিম বড়ুয়া আরও জানান, শীল বা নৈতিক আচরণ মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। সত্যবাদিতা, সংযম, অন্যের ক্ষতি না করা এবং নেশা থেকে দূরে থাকার মতো মূল্যবোধ সমাজকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভাবনা বা ধ্যান মানুষের মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আজকের ব্যস্ত জীবনে মানুষ মানসিক শান্তি হারিয়ে ফেলছে। ধ্যান ও আত্মচিন্তার মাধ্যমে মানুষ নিজের মনকে নির্মল করতে পারে। বুদ্ধের দর্শন আমাদের সেই শিক্ষাই দেয়।”উল্লেখ্য, কালচিনি করুনা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করা হয়।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষামূলক উদ্যোগ ও মানবিক সহায়তার মতো নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন পার্থপ্রতিম বড়ুয়া ও তাঁর সহযোগীরা।সমাজে মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।