শিশু-কিশোরদের মধ্যে বাড়ছে মায়োপিয়া, আধুনিক অর্থো-কে লেন্সে মিলছে নতুন সমাধান

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে মোবাইল, ট্যাব, কম্পিউটার কিংবা বইয়ের মতো কাছের জিনিস দীর্ঘক্ষণ ধরে দেখার প্রবণতা শিশু ও কিশোরদের মধ্যে ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলেই অল্প বয়স থেকেই অনেকের চোখে দেখা দিচ্ছে মায়োপিয়া বা দূরের জিনিস ঝাপসা দেখার সমস্যা।

চক্ষু চিকিৎসকদের দাবি, প্রযুক্তির অগ্রগতির ফলে এখন মায়োপিয়া নিয়ন্ত্রণে আধুনিক চিকিৎসা পদ্ধতিও সামনে এসেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘অর্থো কেরাটোলজি লেন্স’ বা অর্থো-কে লেন্স।

এটি এক ধরনের বিশেষ কন্টাক্ট লেন্স, যা রাতে ঘুমানোর আগে চোখে পরে নিতে হয়। ঘুমের সময় এই লেন্স কর্নিয়ার গঠনে ধীরে ধীরে কাজ করে এবং দিনের বেলা অনেক ক্ষেত্রেই আর চশমা ব্যবহার করার প্রয়োজন পড়ে না।

শিলিগুড়ির বর্ধমান রোডের ঝংকার মোড়ে অবস্থিত দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ স্নেহা বাত্রা জানান, আধুনিক এই অর্থো-কে লেন্স বর্তমানে মায়োপিয়া নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই প্রযুক্তি আশাব্যঞ্জক ফল দিচ্ছে।

তবে চিকিৎসকদের মতে, শুধুমাত্র আধুনিক লেন্স ব্যবহার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। চোখ সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম, মোবাইল ও স্ক্রিন ব্যবহারে নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট সময় অন্তর চোখের পরীক্ষা করানোর মতো বিষয়গুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের পরামর্শ, অভিভাবকদের উচিত ছোট থেকেই শিশুদের চোখের যত্নের বিষয়ে সচেতন হওয়া, যাতে ভবিষ্যতে বড় ধরনের দৃষ্টিজনিত সমস্যার ঝুঁকি কমানো সম্ভব হয়।