নিজস্ব প্রতিবেদক : সন্দেশখালি আবারও খবরের শিরোনামে, তবে এবার ভিন্ন এক প্রেক্ষাপটে। অতীতে নানা ঘটনার জেরে এই এলাকা বারবার আলোচনায় উঠে এলেও, ভোটের সময় সাধারণ মানুষের মনে যে ভয়ের আবহ তৈরি হতো, তা কাটাতে এবার সরাসরি উদ্যোগ নিল কেন্দ্রীয় বাহিনী।
মাইক ও ব্যানার হাতে নিয়ে এলাকায় নেমে পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

বিশেষ করে BSF-এর এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিজে রাস্তাঘাট, অলিগলি ঘুরে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন—নিজের ভোট নিজে দিন, কোনোভাবেই ভয় পাবেন না। কেউ যদি হুমকি দেয় বা ভয় দেখায়, তাহলে দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে জানাতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিচ্ছেন তাঁরা।
শুধু মাইকিং নয়, বাড়ি বাড়ি গিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন বাহিনীর সদস্যরা। তাঁদের উদ্দেশ্য একটাই—মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সন্দেশখালীর বাসিন্দা রাইহান শেখ জানান, কেন্দ্রীয় বাহিনীর এই প্রচার এবং আশ্বাসে এলাকার মানুষ অনেকটাই স্বস্তি পাচ্ছেন। তাঁদের মতে, এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

