চারশো টাকার দিনমজুর থেকে প্রার্থী: তেগাছিয়ায় চমক অভিজিৎ হাজরা

নিজস্ব প্রতিবেদক : পেশায় সাধারণ দিনমজুর, দৈনিক আয় মাত্র চারশো টাকা। বাড়িতে দাদা, বৌদি ও মা থাকলেও নিজের আলাদা সংসার গড়ে ওঠেনি। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জোরে তিনি এমন এক কাজ করেছেন, যা আজও এলাকাবাসীর মনে শ্রদ্ধা জাগায়।

২০০৩ সালে বাস্তবিক সংগ্রাম করে হাওড়ার আমতা থানার তেগাছিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই থেকেই এলাকায় পরিচিত মুখ ও জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন তেগাছিয়া হাজরাপাড়ার যুবক অভিজিৎ হাজরা।

এবার সেই অভিজিৎ হাজরা বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন। প্রতীক হিসেবে পেয়েছেন ‘কলিং বেল’। শুধু ভোট দেওয়া নয়, নির্বাচনী প্রক্রিয়া কীভাবে কাজ করে তা নিজে বুঝে নেওয়ার আগ্রহ থেকেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারে অভিনব উদ্যোগও নিয়েছেন অভিজিৎ। তেগাছিয়া মাঠ সংলগ্ন একটি মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখা হচ্ছে একটি ‘সাজেশন বক্স’। এলাকার মানুষ তাদের চাহিদা, সমস্যা ও উন্নয়নের প্রস্তাব লিখে সেই বাক্সে জমা দিচ্ছেন।

এতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও মজবুত হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
কেন এই নির্বাচনী লড়াই? উত্তরে অভিজিৎ বলেন, “বিধানসভা ভোটের পুরো প্রক্রিয়াটা কাছ থেকে জানতেই এই সিদ্ধান্ত। তবে নিজের উদ্যোগে ২০০৩ সালে গ্রামে বিদ্যুৎ এনেছি, সেই অভিজ্ঞতা আছে।

আশা করছি মানুষ আমার পাশে থাকবে।”
অল্প আয়ের এই নির্দল প্রার্থীর এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই তেগাছিয়া ও আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।