রক্ত সংকটে মানবিক উদ্যোগ, শিলিগুড়ি গার্লসের প্রাক্তনীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদন: সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে অসচ্ছল মানুষ অসুস্থ হলে ভরসা করেন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ওপর। কিন্তু অনেক সময় সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সেই বাস্তব চিত্রকে সামনে রেখেই মানবিক উদ্যোগে এগিয়ে এল শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ‘আমরা প্রাক্তনী’ গোষ্ঠী।

রবিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিলিগুড়ি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রক্ত সংকটের সময়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা।

‘আমরা প্রাক্তনী’-র পক্ষ থেকে সমাজসেবী সুদেষ্ণা ভট্টাচার্য জানান, শুধু রক্তদান শিবিরই নয়, এদিন কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয়েছে। সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে এই প্রাক্তনী সংগঠন। রক্তের অভাব মেটাতে এই রক্তদান শিবির সেই ধারাবাহিক প্রয়াসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই মহৎ উদ্যোগে সামিল হন শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রাক্তনী তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকাদের একাংশও। যাঁরা একসময় এই স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে শিক্ষকতা করে অবসর নিয়েছেন, তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অনুষ্ঠানে।

প্রাক্তনী সংগঠনের সদস্যদের কথায়, “শিলিগুড়ি গার্লস শুধুই একটি স্কুল নয়, এটি আমাদের আবেগ ও গর্বের জায়গা। শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে বহু কৃতী ছাত্রী সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

তাঁরা আরও জানান, বর্তমানে যাঁরা শিলিগুড়ি গার্লস হাইস্কুল থেকে পাশ করে বের হচ্ছেন, তাঁদেরও ‘আমরা প্রাক্তনী’-র সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। নতুন প্রজন্মকে সামাজিক ও মানবিক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আবেদনও জানানো হয় অনুষ্ঠানে।

এদিনের অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করা কৃতী ছাত্রী শ্রেয়সী শীলকেও সংবর্ধনা জানানো হয়। যদিও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।