বর্ষার আগে বাঁধ ঘিরে উদ্বেগ,জোড়াপানি নদীর ধারে বিরোধী দল নেতা

নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই।তার আগেই শিলিগুড়ি ঘোঘোমালিতে জোড়াপানি নদীর পাড়ে অসমাপ্ত ও নিম্নমানের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন।

বর্ষা শুরুর প্রাক্কালে শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি নেতাজি কলোনি এলাকায় জোড়াপানি নদীর একটি অংশে নির্মীয়মাণ বাঁধকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর ধারে যে বাঁধ নির্মাণ করা হয়েছে তা একদিকে যেমন অসম্পূর্ণ, তেমনই নির্মাণের মান নিয়েও প্রশ্ন উঠছে। ফলে বর্ষাকালে বড় ধরনের সমস্যার আশঙ্কা করছেন তাঁরা।

এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার এলাকাটি পরিদর্শন করেন শিলিগুড়ি পুরসভার বিজেপি পরিচালিত বিরোধী দলনেতা অমিত জৈন। জোড়াপানি নদী সংলগ্ন এলাকা ঘুরে দেখে তিনি জানান, বর্ষার সময় নদীর জলস্তর বৃদ্ধি পেলে অসমাপ্ত ও নিম্নমানের বাঁধের কারণে জল উপচে আশপাশের বসত এলাকায় ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বহু পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারে।

অমিত জৈন আরও বলেন, নদী সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সুরক্ষা না থাকলে নদী থেকে বিভিন্ন পোকামাকড় ও ক্ষতিকর জীবজন্তুও লোকালয়ে প্রবেশ করতে পারে, যা বাসিন্দাদের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি জানান, বিষয়টি নিয়ে পুরসভার কাছে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানাবেন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান চেয়ে পুর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ এড়াতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিম্নমানের বাঁধ নির্মাণের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত করা হোক। বর্ষার আগে এই সমস্যা মেটানো না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।