নক্ষত্রপতনে শোকস্তব্ধ ডুয়ার্স

নিজস্ব প্রতিবেদক : ডুয়ার্সের বিজ্ঞানমনস্ক সমাজে নেমে এল গভীর শোকের ছায়া। বিশিষ্ট বিজ্ঞান লেখক, মহাকাশপ্রেমী, হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী এবং প্রকৃতি-পরিবেশ অনুরাগী ডাঃ পার্থপ্রতিম বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা গিয়েছে, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর বুকে পেসমেকার বসানো হয়। এরপর থেকেই শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাঁকে বানারহাট থেকে শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করা হয়।

পরে তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নেন।ডাঃ পার্থপ্রতিম শুধু একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানমনস্কতা প্রসারের এক নিষ্ঠাবান কর্মী।

মহাকাশ বিজ্ঞান, প্রকৃতি, পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে তাঁর গভীর আগ্রহ ও লেখালেখি বহু মানুষের কাছে তাঁকে পরিচিত করে তুলেছিল। সহজ-সরল জীবনযাপন এবং মানবিক ব্যবহারের জন্যও তিনি সকলের কাছে সমাদৃত ছিলেন।

তাঁর প্রয়াণে ডুয়ার্স তথা উত্তরবঙ্গের বিজ্ঞান ও সাহিত্য জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিজ্ঞানমনস্ক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

খবরের ঘন্টা পরিবার প্রয়াত ডাঃ পার্থপ্রতিমের আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।