শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নজরে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা

নিজস্ব প্রতিবেদক :
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর থেকেই বিজেপির নির্বাচনী সঙ্কল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। সেই আবহেই বুধবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় তাঁর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই সফর শুধুমাত্র সৌজন্যমূলক নয়, বরং উত্তরবঙ্গের উন্নয়ন ও প্রশাসনিক পর্যালোচনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। শিলিগুড়ির উত্তরকন্যা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে উত্তরবঙ্গের একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে উত্তরকন্যা ও আশপাশের এলাকায় জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক ভবন ও চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকেও ঢেলে সাজানো হচ্ছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা একাধিক দফায় প্রস্তুতি পর্যালোচনা করছেন বলে খবর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গে বিজেপি গত কয়েকটি নির্বাচনে যেভাবে শক্ত ঘাঁটি তৈরি করেছে, সরকার গঠনের পর তার প্রতিফলন এবার প্রশাসনিক ও উন্নয়নমূলক সিদ্ধান্তেও দেখা যেতে পারে। বিশেষ করে পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যা, স্বাস্থ্য পরিষেবা, শিল্প, পর্যটন ও কর্মসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রের খবর, এদিনের বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন চলমান ও বকেয়া প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গে একটি এইমস গড়ে তোলার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

এবারের বিজেপি সঙ্কল্পপত্রে রাজ্যের উন্নয়নকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল
⭕উত্তরবঙ্গে উন্নত স্বাস্থ্য পরিষেবা ও বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা
⭕ কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্প বিনিয়োগে জোর
⭕ চা শিল্প ও শ্রমিকদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ
⭕ মহিলা, কৃষক ও যুব সমাজের জন্য পৃথক কল্যাণমূলক প্রকল্প
⭕ দুর্নীতিমুক্ত প্রশাসন ও দ্রুত সরকারি পরিষেবা প্রদান
⭕ উত্তরবঙ্গের যোগাযোগ ও পর্যটন পরিকাঠামোর আধুনিকীকরণ
⭕ শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধি

রাজ্যের নতুন সরকারের এই প্রথম বড় প্রশাসনিক বৈঠক ঘিরে তাই উত্তরবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই সফর থেকে উত্তরবঙ্গের জন্য কী নতুন দিশা বা ঘোষণা সামনে আসে।