নিজস্ব প্রতিবেদন : প্রচণ্ড বর্ষণেও দমে যায়নি উৎসাহ। খোলা মাঠের পরিবর্তে বিদ্যালয়ের হলঘরেই জমে উঠল আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ যোগচর্চায় অংশ নিয়ে সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দিলেন।

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঘোঘোমালির মায়ের ইচ্ছা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। মূলত ঘোঘোমালি স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা থাকলেও সকাল থেকেই প্রবল বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করে ঘোঘোমালি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বহু মহিলা-সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত হন। যোগ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী অতীশানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ও জেলা বিজেপির মুখপাত্র কমল ঘোষ।
অনুষ্ঠানে অমৃত যোগ কেন্দ্র (পতঞ্জলি)-র পক্ষ থেকে যোগ প্রশিক্ষক ক্ষমা ভট্টাচার্য অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও স্বাস্থ্য সচেতনতার প্রশিক্ষণ দেন। তাঁর সুচারু পরিচালনায় যোগচর্চা পর্ব সফলভাবে সম্পন্ন হয়।
এদিন যোগ দিবসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন ক্ষমা ভট্টাচার্য, স্বামী অতীশানন্দ মহারাজ এবং কমল ঘোষ। বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে নিয়মিত যোগচর্চার বিকল্প নেই। যোগ শুধু শরীরকে সুস্থ রাখে না, মানুষের মনকেও ইতিবাচক ও একাগ্র করে তোলে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এ ধরনের স্বাস্থ্যসচেতনতা মূলক কর্মসূচি এলাকার মানুষের জন্য চালিয়ে যাওয়া হবে। বৃষ্টিভেজা সকালেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, যোগচর্চার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে।

