নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বাজেটকে ঘিরে ইতিবাচক সুর শোনা গেল উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসায়ী মহলে।পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ—বাজেটের একাধিক ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিল্প সংগঠনগুলি।

তাদের মতে, এই পদক্ষেপ উত্তরবঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রাজ্যের উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গের শিল্পোন্নয়নেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখছেন উদ্যোক্তারা।
পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৬-কে স্বাগত জানিয়ে সোমবার শিলিগুড়িতে যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করে লঘু উদ্যোগ ভারতী (LUB) উত্তরবঙ্গ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) উত্তরবঙ্গ।
শহরের চার্চ রোডে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইআই উত্তরবঙ্গের চেয়ারম্যান সতীশ মিত্রুকা এবং লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গের সভাপতি সিএ আদিত্য মিত্রুকা।
বৈঠকে শিল্প প্রতিনিধিরা বলেন, এবারের বাজেটে শিল্প, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা রাজ্যের অর্থনৈতিক বিকাশে সহায়ক হবে। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলি উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সতীশ মিত্রুকা জানান, রাজ্য সরকারের উন্নয়নমুখী পরিকল্পনাগুলি শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও বাজেট ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, আদিত্য মিত্রুকার মতে, ব্যবসায়ী ও শিল্পমহল বাজেটের ঘোষণাগুলিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে। এমএসএমই খাতের প্রসারে গৃহীত পদক্ষেপগুলি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহিত করবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শিল্প প্রতিনিধিরা আরও বলেন, উত্তরবঙ্গে শিল্প ও ব্যবসার সম্প্রসারণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে অঞ্চলটির সামগ্রিক উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতেও এই বাজেট সহায়ক হবে বলে তাঁদের বিশ্বাস।

