নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে ভোটারদের জন্য আরও স্বচ্ছ ও সুবিধাজনক পরিবেশ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া । মালদহ জেলার মোট ১৪টি ভোটগ্রহণ কেন্দ্রকে ‘আদর্শ ভোটকেন্দ্র’ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে, যার মধ্যে অন্যতম মালদা উচ্চ বালিকা বিদ্যালয়।

এই বিদ্যালয়ে তিনটি বুথ থাকছে এবং প্রতিটি ক্ষেত্রে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের আকৃষ্ট করতে গড়ে তোলা হয়েছে বিশেষ সেলফি জোন। প্রবীণ নাগরিকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা স্বচ্ছন্দে ভোট দিতে পারেন।
পাশাপাশি, পরিষ্কার পানীয় জলের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। কোনও ভোটার বা কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্যও প্রয়োজনীয় পরিষেবা প্রস্তুত রাখা হচ্ছে। সব মিলিয়ে ভোটদানের অভিজ্ঞতাকে আরও সহজ ও মানবিক করে তুলতেই এই উদ্যোগ।

