নিজস্ব প্রতিবেদক : মদ্যপান যে ব্যক্তি ও সমাজ—দু’ক্ষেত্রেই গভীর ক্ষতির কারণ হতে পারে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নেশা কখনোই স্থায়ী শান্তি এনে দেয় না; বরং অশান্তি ও বিশৃঙ্খলার জন্ম দেয় বলেই পরিচিত। সেই কারণেই রাজ্যে প্রথম দফার নির্বাচনে শান্তি বজায় রাখতে আবগারি দপ্তরের নির্দেশে সব মদের দোকান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ভোটের জন্য কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার মদের দোকান খুলতেই চেনা ছবি সামনে আসে। দোকান খোলার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক ক্রেতা ভিড় জমাতে শুরু করেন, কার্টুনে কার্টুনে মদ কেনার হিড়িক পড়ে যায়।
বিশেষ করে জলপাইগুড়ি শহর এবং আশপাশের এলাকাগুলিতে বিভিন্ন মদের দোকানের সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সকাল থেকেই ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়তে থাকে, যা দিনের বেশ কিছুটা সময় ধরে অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোথাও কোথাও শৃঙ্খলা বজায় রাখারও উদ্যোগ নিতে দেখা যায়।

