নিজস্ব প্রতিবেদক : একটি সামাজিক দায়বদ্ধতার সংবাদই হয়ে উঠল এক অসহায় বৃদ্ধার ঘরে ফেরার সেতুবন্ধন। ‘খবরের ঘন্টা’-য় প্রকাশিত নিখোঁজের খবর দেখে সামনে আসে গুরুত্বপূর্ণ সূত্র, আর শেষ পর্যন্ত পরিবারের হাতে নিরাপদে ফিরলেন ওই মহিলা।

শিলিগুড়িতে পথ হারিয়ে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক বৃদ্ধা অবশেষে ফিরে পেলেন তাঁর পরিবারের ঠিকানা। ‘খবরের ঘন্টা’-য় প্রকাশিত নিখোঁজ সংক্রান্ত সংবাদ দেখেই এক ব্যক্তি ভক্তিনগর থানায় প্রয়োজনীয় তথ্য জানান। সেই সূত্র ধরেই পুলিশ মহিলার পরিবারের সন্ধান পায় এবং শুক্রবার তাঁকে পরিবারের হাতে তুলে দেয়।
জানা গিয়েছে, অসমের বাসিন্দা ওই মহিলা কাজের সূত্রে শিলিগুড়িতে এসেছিলেন। হাকিমপাড়ার একটি বাড়িতে তিনি কাজ করতেন। একসময় বাড়ি থেকে বেরিয়ে পথ ভুলে তিনি হাকিমপাড়া থেকে হেঁটে হায়দরপাড়ার মাছ বাজার এলাকায় পৌঁছে যান। সেখানে তাঁকে অসহায় অবস্থায় দেখতে পেয়ে খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়।
পুলিশ মহিলাকে উদ্ধার করে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মোক্তারের কাছে নিয়ে যায়। এরপর তাঁর পরিচয় জানার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হয়। ‘খবরের ঘন্টা’-তেও মহিলার সন্ধান চেয়ে সংবাদ প্রকাশ করা হয় এবং কেউ তথ্য জানলে ভক্তিনগর থানা বা পূজা মোক্তারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়।
সেই সংবাদ দেখেই এক ব্যক্তি প্রয়োজনীয় তথ্য থানায় পৌঁছে দেন। এরপর পুলিশ দ্রুত যোগাযোগ করে মহিলার পরিবারের সন্ধান নিশ্চিত করে এবং নিরাপদে তাঁকে তাঁদের হাতে ফিরিয়ে দেয়।
এই ঘটনায় সমাজসেবী পূজা মোক্তার ‘খবরের ঘন্টা’-র সামাজিক ভূমিকার প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জানান। অন্যদিকে, যাঁর বাড়িতে ওই মহিলা কাজ করতেন, রাতুল পাল জানান, তাঁরা চিকিৎসার প্রয়োজনে অসম থেকে শিলিগুড়িতে এসে হাকিমপাড়ায় ভাড়া থাকছিলেন। বৃদ্ধার নিরাপদে ফিরে আসায় তাঁরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।
তবে ঘটনার মধ্যেই সামনে এসেছে একটি উদ্বেগজনক অভিযোগ। পরিবারের দাবি, বৃদ্ধা অসুস্থ এবং মালদায় রক্ত দেওয়ার প্রয়োজন— এমন ভুয়ো তথ্য দিয়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন অনলাইনে তাঁদের কাছ থেকে প্রায় ২ হাজার টাকা হাতিয়ে নেয়। সমাজসেবী পূজা মোক্তার জানিয়েছেন, এই প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আনা হবে, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

