নিজস্ব প্রতিবেদন : নর্থ বেঙ্গল নার্সিং কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন, তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আগামী ৫ ও ৬ অক্টোবর ২০২৬ শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ডিজিটাল আয়ুষ্মান হেল্থ কনক্লেভ ২০২৬।

এই বৃহৎ অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির একটি হোটেলে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা।সভায় উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী মলয় পীট এবং তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পোদ্যোগী পুষ্পজিৎ সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পুষ্পজিৎ সরকার জানান, আয়ুষ্মান হেল্থ কনক্লেভ এবং ‘ডেস্টিনেশন ফর হেল্থ ট্যুরিজম’-কে কেন্দ্র করে শিলিগুড়িতে একটি বৃহৎ কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় উত্তরবঙ্গে স্বাস্থ্য পর্যটনের সম্ভাবনা, আধুনিক স্বাস্থ্যব্যবস্থা এবং আয়ুষ্মান হেল্থ কনক্লেভকে ঘিরে কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ-কে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের একাধিক মন্ত্রী, স্বাস্থ্য ও পর্যটন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হবে।
আয়োজকদের আশা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে একসূত্রে বেঁধে এই উদ্যোগ উত্তরবঙ্গে স্বাস্থ্য পর্যটনের বিকাশ, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে। ফলে শিলিগুড়ি ভবিষ্যতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হেল্থ ট্যুরিজম হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

