নিজস্ব প্রতিবেদক : সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি বিষয় নিয়ে এইসময় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দলে ‘বেনোজল’ প্রবেশ ঠেকাতে বিজেপির কড়া অবস্থানের মধ্যেই সামনে আসছে নতুন এক রাজনৈতিক সমীকরণ।দাবি উঠেছে, সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার পথ কঠিন হওয়ায় অনেকেই এখন আরএসএসের শাখার দিকে ঝুঁকছেন।
এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা।

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের দলবদলের প্রবণতা রুখতে বিজেপির শীর্ষ নেতৃত্ব আগেই কড়া অবস্থান নিয়েছে। বিশেষ করে সুযোগসন্ধানী বা শুধুমাত্র রাজনৈতিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে দলে যোগ দিতে চাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, বিজেপিতে সরাসরি যোগদানের পরিবর্তে অনেকেই নাকি এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। ভোরবেলা বিভিন্ন স্কুল মাঠে অনুষ্ঠিত আরএসএসের শরীরচর্চা, শৃঙ্খলা ও প্রশিক্ষণমূলক কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে বলেও দাবি করা হচ্ছে।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ বিষয়টি নিয়ে বলেন, কেউ যদি নিজের ভুল সংশোধন করে সমাজের মূলস্রোতে ফিরতে চান, তাহলে তাঁকে কঠোর নিয়মশৃঙ্খলা, শারীরিক অনুশীলন এবং আদর্শগত শিক্ষা দেওয়ার মধ্যে কোনও অসুবিধা নেই। তাঁর মতে, এই ধরনের প্রশিক্ষণ একজন মানুষকে আরও শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল হতে সাহায্য করে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রবণতা ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও আরএসএসে অংশগ্রহণ এবং বিজেপির সদস্যপদ—দুই বিষয় এক নয়; তাই এই ধরনের দাবির বাস্তব প্রভাব আগামী দিনে কতটা পড়বে, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

