উন্নয়নের প্রতিশ্রুতিতে ব্যবসায়ীদের পাশে শিখা চ্যাটার্জী

নিজস্ব প্রতিবেদক : ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হওয়ার পর উন্নয়নের বার্তা নিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন বিধায়ক শিখা চ্যাটার্জী। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, গত পাঁচ বছরে নানা বাধার কারণে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবে এবার আর সেই বাধা নেই বলেই তিনি জানান । ফলে আগামী দিনে মনোযোগ দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারবেন বলেও আশ্বাস দেন তিনি।

শিখা চ্যাটার্জী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কর্মকাণ্ডে আস্থা রেখেই সাধারণ মানুষ বিপুল সমর্থন দিয়েছেন। মানুষের এই ভালোবাসা ও বিশ্বাসে তিনি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে হায়দরপাড়া বাজার এলাকায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার জন্য তিনি প্রস্তুত বলেও ব্যবসায়ীদের জানান।

তাঁদের উদ্দেশে তিনি বলেন, এলাকার যাবতীয় দাবি, সমস্যা ও প্রস্তাব লিখিতভাবে জমা দিতে, যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এদিন হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি, প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন বরো চেয়ারম্যান রেবা সরকার, ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান ভজন পাল, যুগ্ম সম্পাদক জগদীশ সরকার, সঞ্জয় সাহা সহ আরও অনেকে। এছাড়াও বিজেপির তরফে স্থানীয় নগেন ঘোষ এবং দলের অন্যান্য কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কিছু ব্যবসায়ী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, বয়স ও নানা প্রতিকূলতা সত্ত্বেও শিখা চ্যাটার্জী যেভাবে উন্নয়নের আলো জ্বালিয়ে রাখতে চাইছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সভাকক্ষে জয় শ্রীরাম ধ্বনিও ওঠে।

হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি জানান, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। অতীতে বিধায়কের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও সেভাবে কাজ হয়নি। তবে এবার আর কোনো বাধা না থাকায় তাঁরা আশাবাদী যে এলাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে।