উত্তরের লোকসংগীতের আকাশে নেমে এলো শোকের ছায়া, প্রয়াত পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়

নিজস্ব প্রতিবেদক : উত্তরবঙ্গের লোকসংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান ঘটল। সারিন্দার সুরে পশুপাখির ডাক ও প্রকৃতির নানা শব্দকে জীবন্ত করে তোলার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় শুক্রবার গভীর রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর।

ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা মঙ্গলা কান্ত রায়ের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী সমাজ ও সাংস্কৃতিক মহলে। দীর্ঘদিন ধরে তিনি উত্তরবঙ্গের লোকসংগীত ও সারিন্দা শিল্পকে দেশের দরবারে বিশেষ মর্যাদা এনে দিয়েছিলেন।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। চিকিৎসকদের মতে, তাঁর গলায় টিউমারজনিত সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং সেখানেই চিকিৎসা চলছিল।

তবে গত এক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তিনি প্রায় সম্পূর্ণভাবে খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। অবশেষে শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত শিল্পী তাঁর স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূ এবং নাতি-নাতনিদের রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যেমন পরিবারে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে, তেমনি উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গন হারাল এক অনন্য প্রতিভাকে। সারিন্দার তারে তাঁর সৃষ্টি করা হরবোলা সুর ও লোকসংগীতের অবদান আগামী দিনেও শিল্পপ্রেমীদের মনে অম্লান হয়ে থাকবে।