মেসি-রোনাল্ডোকে সঙ্গী করেই মাঠে নামছে খুদে ফুটবলাররা!

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় শিলিগুড়িতেও ফুটবলপ্রেমীদের বাড়তি উৎসাহ।
মেসি, রোনাল্ডো, নেইমারের প্রতিকৃতি-খচিত ফুটবল গার্ড এখন খুদে খেলোয়াড়দের প্রথম পছন্দ।স্নানযাত্রার শুভক্ষণে উদ্বোধন হল ‘স্পোর্টস জংশন’ ও নতুন জিম সেন্টার, লক্ষ্য ক্রীড়া সংস্কৃতির প্রসার।

ফিফা বিশ্বকাপ ফুটবলের আবহে এখন গোটা বিশ্বের মতো শিলিগুড়িতেও ফুটবল জ্বর তুঙ্গে। মেসি, রোনাল্ডো, নেইমারের নাম এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। আর সেই উন্মাদনাকেই নতুন মাত্রা দিয়েছে এক অভিনব উদ্যোগ। মাঠে খেলতে নামার আগে অনেক খুদে ফুটবলার এখন পায়ে পরে নিচ্ছে ফুটবল গার্ড, যার উপর রয়েছে তাঁদের প্রিয় তারকাদের প্রতিকৃতি।

এই বিশেষ ফুটবল গার্ড এখন পাওয়া যাচ্ছে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের বিপরীতে সোমবার উদ্বোধন হওয়া ‘স্পোর্টস জংশন’-এ। জগন্নাথদেবের স্নানযাত্রার শুভ দিনে পুজো ও যজ্ঞের মধ্য দিয়ে নতুন এই ক্রীড়া সামগ্রীর দোকানের যাত্রা শুরু হয়। মেসি, রোনাল্ডো ও নেইমারের ছবি-সংবলিত প্রতিটি ফুটবল গার্ডের দাম রাখা হয়েছে মাত্র ৬০/ ৭০ টাকা।

থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয়ী স্ট্রেংথ লিফটার পায়েল বর্মন জানান, শুভ দিনে এই উদ্যোগ শুরু করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, স্পোর্টস জংশনে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল-সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী যুক্তিসঙ্গত মূল্যে এবং ভালো মানের পাওয়া যাবে। তাঁদের লক্ষ্য, খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আরও বেশি উৎসাহিত করা।

জাতীয় স্তরের স্ট্রেংথ লিফটিং পদকজয়ী খুদে ক্রীড়াবিদ আস্থা লাহিড়ী জানায়, বিশ্বকাপের আবহে মেসি, নেইমার ও রোনাল্ডোর প্রতিকৃতি-খচিত ফুটবল গার্ডের চাহিদা বাড়ছে। তাই খেলোয়াড়দের পছন্দের কথা মাথায় রেখেই এই সামগ্রী রাখা হয়েছে। একই সঙ্গে সে বর্তমান প্রজন্মকে ফাস্ট ফুডের অভ্যাস কমিয়ে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানায়।

বিশিষ্ট সঙ্গীতশিল্পী, আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটার এবং আস্থার মা শর্মিষ্ঠা লাহিড়ী জানান, স্পোর্টস জংশনের পাশাপাশি ভারত নগরে তরুণ তীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় একটি আধুনিক জিম সেন্টারও চালু করা হয়েছে। তাঁর কথায়, এই দুই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ক্রীড়া সংস্কৃতির প্রসার, সুস্থ জীবনযাত্রার অভ্যাস গড়ে তোলা এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা।

উল্লেখ্য, শর্মিষ্ঠা লাহিড়ী ও পায়েল বর্মন—দু’জনেই আন্তর্জাতিক স্তরের স্ট্রেংথ লিফটার। নানা প্রতিকূলতা অতিক্রম করে ক্রীড়াক্ষেত্রে নিজেদের সাফল্যের পাশাপাশি সমাজে শরীরচর্চার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। জগন্নাথদেবের স্নানযাত্রার মতো শুভ দিনে তাঁদের এই ব্যতিক্রমী প্রয়াস ক্রীড়াপ্রেমী মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।