নিজস্ব প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ শ্রদ্ধার অনুষ্ঠান। এদিন শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চ সংলগ্ন কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব সহ পুরনিগমের অন্যান্য প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে যখন মেয়র গৌতম দেব নিজেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ভেসে ওঠে কবিগুরুর বিখ্যাত গান “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে”। সেই সুরে গলা মেলান উপস্থিত অন্যান্য শিল্পীরাও। রবীন্দ্রসঙ্গীত, শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবহে এদিন রবীন্দ্র মঞ্চ চত্বর হয়ে ওঠে এক অনন্য মিলনক্ষেত্র।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই কবিগুরুর সাহিত্য, সংগীত ও মানবতাবাদের আদর্শ স্মরণ করেন। জন্মজয়ন্তীর এই আয়োজন ঘিরে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যেও ছিল উৎসাহ ও আবেগের ছাপ।

