আর্থিক অনটনেও স্বপ্নপূরণের লড়াই, মাধ্যমিকে ৬৬৯ পেয়ে নজর কাড়ল কৌশিক সাহা

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির ঘোঘোমালি নিরঞ্জন নগরের এক ছোট্ট ভাড়া বাড়ি থেকেই বড় স্বপ্ন দেখছে কৌশিক সাহা। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৬৯ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের ছাত্র কৌশিকের এই সাফল্যে খুশির আবহ এলাকায়। তবে এই সাফল্যের মাঝেও আর্থিক অনটন আজ তার উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কৌশিকের বাবা উত্তম সাহার একটি ছোট চালের দোকান রয়েছে। বর্তমানে তিনি অসুস্থ থাকায় সংসারের চাপ আরও বেড়েছে। মা কাকলি সাহা গৃহবধূ। একদিকে বাবার চিকিৎসার খরচ, অন্যদিকে একাদশ শ্রেণিতে ভর্তি, বই কেনা ও পড়াশোনার অন্যান্য খরচ—সব মিলিয়ে দুশ্চিন্তায় পরিবার।

মাধ্যমিকে কৌশিকের প্রাপ্ত নম্বর সত্যিই প্রশংসনীয়। বাংলা ৯৮, ইংরেজি ৯২, অঙ্ক ৯৪, ভৌত বিজ্ঞান ৯৬, জীবন বিজ্ঞান ৯৭, ইতিহাস ৯২ এবং ভূগোলে পেয়েছে পূর্ণ ১০০ নম্বর। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী কৌশিক পড়াশোনার পাশাপাশি বই পড়তে খুব ভালোবাসে।

পাঠ্যবইয়ের বাইরে মহাপুরুষদের জীবনী, বিভিন্ন খেলোয়াড়দের জীবনসংগ্রামের কাহিনীও মন দিয়ে পড়ে সে। এছাড়াও অবসর সময়ে ছবি আঁকতেও ভালোবাসে কৌশিক।

ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে বড় কিছু করার স্বপ্ন দেখে সে। জয়েন্ট পরীক্ষায় বসারও ইচ্ছা রয়েছে তার। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে আজ প্রয়োজন আর্থিক সহায়তা ও সমাজের মানুষের পাশে দাঁড়ানো।

কৌশিকের মা কাকলি সাহা এবং জ্যেঠিমা লিপিকা নন্দী জানান, “ও খুবই পরিশ্রমী ছেলে। সবসময় বই নিয়েই থাকে। আমরা চাই ওর পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়।”

কৌশিকের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।

সহযোগিতার জন্য Google Pay নম্বর: 9832473116