নিজস্ব প্রতিবেদক : বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরে আবারও নিজের পরিচিত সরল জীবনযাত্রার ছবি তুলে ধরলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই স্কুটি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বরাবরই সাধারণ জীবনযাপন ও মানুষের কাছাকাছি থাকার জন্য পরিচিত শংকর ঘোষকে শহরের বিভিন্ন প্রান্তে বহুবার স্কুটি চালিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। শপথ গ্রহণের পরও সেই পরিচিত ছন্দেই স্টেশন থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফেরেন তিনি, যা উপস্থিত সমর্থকদের মধ্যেও বিশেষ আগ্রহের সৃষ্টি করে।
এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে শংকর ঘোষকে স্বাগত জানাতে ভিড় জমান বিজেপি কর্মী ও সমর্থকেরা। ফুলের মালা, উত্তরীয় ও শুভেচ্ছা জানিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।অন্যদিকে, সাম্প্রতিক নির্বাচনে শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্যোগে একটি বিজয় মিছিলও বের করা হয়।
মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিপুল সমর্থন ও আস্থার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান শংকর ঘোষও।

