নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি ও উত্তরবঙ্গ জুড়ে দীর্ঘদিন ধরে নানা সামাজিক, মানবিক ও পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা। তাঁর নেতৃত্বে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট এবং মহানন্দা বাঁচাও কমিটি একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে চলেছে।

মহানন্দা নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধি, মহানন্দা আরতির আয়োজন, নদীর চর দখল রোধে আন্দোলনসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সংগঠন।এর পাশাপাশি উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, শালুগাড়ার ডেমডেমা বস্তির বাসিন্দা আসারু রায় দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর দুই পা কার্যত অসাড় হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তাঁর পুত্র এবং ঘোঘোমালি নিডস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের কর্ণধার জ্যোৎস্না আগরওয়ালার কাছে সাহায্যের আবেদন জানান।
আবেদনের প্রেক্ষিতে দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট। সংগঠনের পক্ষ থেকে আসারু রায়ের হাতে বৃহস্পতিবার একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়, যা তাঁর দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাঁদের মতে, মানুষের প্রয়োজনে এভাবে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সমাজসেবার প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করছে সংগঠনটি।

