নিজস্ব প্রতিবেদক : মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এলেন একঝাঁক স্বেচ্ছাসেবী। প্রতিষ্ঠা দিবসকে শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার অনন্য নজির গড়ল ‘মৃন্ময়ী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা’। শিলিগুড়িতে আয়োজিত এই শিবিরে সংগ্রহ করা হলো ২০ ইউনিট রক্ত, যা তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় রোগীদের স্বার্থে।

অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার, ৫ জুলাই, শিলিগুড়ির অরবিন্দ পল্লিস্থ অরবিন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে মৃন্ময়ী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং শিলিগুড়ি জনকল্যাণ।
শিবির থেকে মোট ২০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, যা শিলিগুড়ি তরাই লায়ন্স ক্লাব-এর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত কর্মকার।সংস্থার সভাপতি নবনীতা নন্দী পাল জানান, প্রতিষ্ঠা দিবসকে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

