- নিজস্ব প্রতিবেদন :
এক মুহূর্তের মানবিক সিদ্ধান্তই বাঁচিয়ে দিল বিলুপ্তপ্রায় এক পরিযায়ী পাখির প্রাণ। বসিরহাটের এক স্কুলশিক্ষকের উদ্যোগে নিরাপদে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হলো আহত পাখিটিকে।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের মির্জাপুর এলাকায় মানবিকতার এক অনন্য নজির গড়লেন স্কুলশিক্ষক সুরজিৎ মণ্ডল। তাঁর বাড়ির জানালায় হঠাৎই এসে বসে একটি বিলুপ্তপ্রায় পরিযায়ী পাখি। কিছুক্ষণ পর পাখিটি আবার উড়ে যাওয়ার চেষ্টা করলেও দুর্বলতার কারণে উড়তে না পেরে পাশের একটি ঝোপে পড়ে যায়।
ঘটনাটি দেখে দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে ঝোপের মধ্যে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন সুরজিৎ মণ্ডল। এরপর পাখিটিকে নিরাপদে নিজের বাড়িতে রেখে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে পৌঁছালে তিনি পাখিটিকে তাঁদের হাতে তুলে দেন, যাতে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা যায়।

এই ঘটনার মাধ্যমে সুরজিৎ মণ্ডল সকলের উদ্দেশে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দেন। তিনি বলেন, আহত বা বিপন্ন কোনও বন্যপ্রাণী দেখলে নিজে ক্ষতি না করে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়াই সবচেয়ে বড় দায়িত্ব।
মানবিকতা ও পরিবেশ সচেতনতার এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।

