বৃক্ষেই ভবিষ্যৎ, সবুজের বার্তা রথখোলা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক :
“আমাকে বড় হতে দাও, বড় হয়ে আমি তোমাদের রক্ষা করব”— এই বার্তাই যেন এদিনের বৃক্ষরোপণ কর্মসূচির মূল সুর।
 পরিবেশ রক্ষার অঙ্গীকারকে সামনে রেখে রবিবার শিলিগুড়ির একাধিক এলাকায় সবুজায়নের ডাক দিল রথখোলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
রবিবার শিলিগুড়ির সারদাপল্লী–নেতাজি পল্লী সংলগ্ন বকুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে রথখোলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অজিত কুমার মজুমদার, সম্পাদক প্রভাস কুমার পাল, সহ-সভাপতি সনৎ ভৌমিক-সহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও বর্ষাকালকে কাজে লাগিয়ে রথখোলা, রবীন্দ্রনগর, নেতাজি পল্লী, সারদাপল্লী-সহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়— প্রতিটি চারার সুরক্ষার জন্য খাঁচায় লাগানো হচ্ছে একটি হৃদয়স্পর্শী স্টিকার, যেখানে লেখা রয়েছে, “আমাকে বড় হতে দাও। বড় হয়ে আমি তোমাদের রক্ষা করব।” এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষেরও প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের আমন্ত্রণে এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ। পরিবেশবান্ধব এই উদ্যোগে এলাকার বহু মানুষও সামিল হয়ে সবুজায়নের বার্তাকে আরও শক্তিশালী করে তোলেন।