নিজস্ব প্রতিবেদক : সুস্থ থাকতে সবসময় দামি ওষুধ নয়, প্রয়োজন সঠিক জীবনযাপন।খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা ও মানসিক নিয়ন্ত্রণ— এই চার স্তম্ভের উপরেই গড়ে ওঠে সুস্থ জীবন।এমনই কিছু কার্যকর পরামর্শ দিলেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী।

ফুলবাড়ির থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর প্রধান কর্ণধার ডাঃ মলয় চক্রবর্তী বলেন, সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য দৈনন্দিন জীবনে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, অল্পে সন্তুষ্ট থাকতে শেখা মানসিক শান্তির অন্যতম চাবিকাঠি।
তিনি পরামর্শ দেন, প্রতিদিন নিয়ম করে সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন একটি করে আপেল খাওয়ার পাশাপাশি খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি, ডাল ও মাছ রাখুন। রাতের খাবার যতটা সম্ভব অল্প পরিমাণে গ্রহণ করুন এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করুন।
ডাঃ চক্রবর্তীর মতে, প্রতিদিন অন্তত ৪৫ মিনিট হাঁটা শরীরকে সক্রিয় ও সুস্থ রাখতে অত্যন্ত কার্যকর। একই সঙ্গে মানুষের কথা বেশি শুনতে হবে, নিজে তুলনামূলক কম কথা বলতে হবে এবং অযথা কোনও বিষয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখানোই বুদ্ধিমানের কাজ।
তিনি আরও বলেন, সুস্থ জীবনের জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। তাই রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুললে শরীর ও মন— দুটিই ভালো থাকবে।
ডাঃ মলয় চক্রবর্তীর কথায়, সুস্থ থাকার মূলমন্ত্র লুকিয়ে রয়েছে নিয়মিত, সংযমী ও সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যেই।

