নিজস্ব প্রতিবেদক : সমাজের প্রতি চিকিৎসকদের নিরলস অবদানকে কুর্নিশ জানিয়ে চিকিৎসক দিবসের দিন ব্যতিক্রমী উদ্যোগ নিল ‘সাপ বাঁচাও মানুষ বাঁচাও’ কমিটি। শিলিগুড়ির বাবুপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই বিশিষ্ট মহিলা চিকিৎসককে সংবর্ধনা জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত হন চিকিৎসক ডা. কৃতি অধিকারী এবং ডা. সাইনা খান। ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাঁদের সংবর্ধনা জানানো হয়।সংগঠনের পক্ষ থেকে পরিবেশপ্রেমী জয়ন্ত সরকার বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষা ও সমাজের কল্যাণে অসামান্য ভূমিকা পালন করে চলেছেন।
বিশেষ করে মহিলা চিকিৎসকদের নিষ্ঠা, মানবিকতা ও সেবার মানসিকতা সমাজে বিশেষভাবে প্রশংসার দাবিদার। সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই চিকিৎসক দিবস উপলক্ষে দুই মহিলা চিকিৎসককে সংবর্ধনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

