উত্তরবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক : চুরি-দুর্নীতিতে জড়িতদের জন্য কড়া সতর্কবার্তা!অফিসে না এলে পদত্যাগ করুন, জনসেবায় গাফিলতি বরদাস্ত নয়—উত্তরবঙ্গ সফরে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।শুক্রবার উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত ও জিটিএ-সহ যে কোনও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, চুরি বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা নিয়মিত অফিসে আসছেন না, তাঁদের হয় দায়িত্ব পালন করতে হবে, নয়তো পদ ছেড়ে দিতে হবে। সাধারণ মানুষের পরিষেবায় কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার পাশাপাশি অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিভিল ডিফেন্স, এনডিআরএফের পাশাপাশি অতিরিক্ত প্রায় ৪০০ পুলিশ সদস্যের বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ চালানো যায়।

মুখ্যমন্ত্রী জানান, কোচবিহার ও সংলগ্ন এলাকায় বন্যার আশঙ্কা বেশি থাকায় আগাম পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রশাসনিক ভবনকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়নের কাজে কোনও ধরনের গাফিলতি বা বিলম্ব সহ্য করা হবে না বলেও তিনি প্রশাসনকে কড়া বার্তা দেন।