নিজস্ব প্রতিবেদক : অপেক্ষার অবসান, হাতে পৌঁছেছে আর্থিক সহায়তার টাকা।খুশিতে রঙে রঙে মেতে উঠলেন সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষ।জলপাইগুড়ির এক গ্রামে যেন আগাম হোলির আবহ।অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়ে আনন্দ উদ্যাপনের এই ছবিই এখন চর্চার কেন্দ্রবিন্দু।

জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বড় চৌধুরীপাড়া এলাকায় অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা পেয়ে আনন্দে মাতলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। বৃহস্পতিবার এলাকার মহিলাদের পাশাপাশি পুরুষেরাও গেরুয়া আবির খেলায় অংশ নিয়ে উৎসবের পরিবেশ তৈরি করেন।
স্থানীয় বাসিন্দা শাহজাহান আলি জানান, তাঁদের বুথে যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, প্রত্যেকেই আর্থিক সহায়তার টাকা পেয়েছেন। এই উপলক্ষে তিনি প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, দীর্ঘ প্রতীক্ষার পর আর্থিক সহায়তা হাতে পাওয়ার আনন্দ থেকেই এই অভিনব উদ্যাপনের আয়োজন।
এলাকার আর এক বাসিন্দা রুকসানা বেগম বলেন, অনেকের মধ্যেই টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু আবেদনকারীরা সহায়তার অর্থ পাওয়ায় সেই দুশ্চিন্তা কেটে গিয়েছে। তাই আনন্দ ভাগ করে নিতেই সবাই একসঙ্গে আবির খেলে উৎসব পালন করেছেন।

