নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ মে রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের আগে রাজনৈতিক মহলে যেমন চর্চা তুঙ্গে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কমিটির কর্মকর্তা শ্যামল সাহা মঙ্গলবার সকলকে গৈরিক শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্বাচনের আগে দল যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেগুলি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

তিনি উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে রাজ্যের মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। শুধু রাজ্যের মধ্যেই নয়, রাজ্যের বাইরে চিকিৎসার খরচ মেটাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এতদিন পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বলেও তিনি দাবি করেন।
শ্যামল সাহার মতে, কেন্দ্রের সরকার পরিচালিত শতাধিক জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যা পূর্ববর্তী তৃনমুল সরকার রাজনৈতিক কারণে এই রাজ্যে কার্যকর হতে দেয়নি। তবে ‘ডাবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠিত হলে এই সব প্রকল্প সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তাঁর বিশ্বাস।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গেও তিনি বিশেষভাবে আশাবাদী। তাঁর কথায়, এই অঞ্চলে একটি এইমসের মতো উন্নতমানের হাসপাতাল গড়ে ওঠার প্রত্যাশা রয়েছে, যা স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে।সব মিলিয়ে, নতুন সরকার গঠনের আগে উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি ঘিরে আশার আলো দেখছেন বিজেপি নেতৃত্ব ও সমর্থকরা।

