- নিজস্ব প্রতিবেদক :উৎসবের আবহে সেজে উঠছে শিলিগুড়ির ঘোঘোমালি।
শুরু হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা ও মেলা উৎসব ২০২৬।
নাগরদোলা, হস্তশিল্প, কেনাকাটা আর ধর্মীয় আবহ—সব মিলিয়ে অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসী।
শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি নেতাজি বাজার কমিটির উদ্যোগে এ বছরও আয়োজিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা উৎসব ২০২৬। এই উপলক্ষে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।মেলার আসর বসবে ঘোঘোমালি হাইস্কুল ময়দানে। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২৪ জুলাই, শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।মেলা কমিটির সভাপতি কমল ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার সমস্ত ধর্মীয় রীতি ও নিয়ম মেনে মেলা প্রাঙ্গণে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে বজায় রেখেই এবারের মেলার আয়োজন করা হচ্ছে।মেলায় দর্শনার্থীদের জন্য থাকবে নাগরদোলা, হস্তশিল্পের বিভিন্ন স্টল, শিশুদের বিনোদনের ব্যবস্থা, কেনাকাটার সুযোগ এবং আরও নানা আকর্ষণ। ফলে ছোট থেকে বড়—সব বয়সের মানুষের জন্যই মেলাটি হয়ে উঠবে আনন্দের অন্যতম কেন্দ্র।ইতিমধ্যেই ঘোঘোমালি ও আশপাশের এলাকায় রথযাত্রা ও মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা উৎসব সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

