নিজস্ব প্রতিবেদক : উত্তরবঙ্গের আদিম জনজাতি ধীমাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেরাদি পুজো সোমবার অনুষ্ঠিত হল নকশালবাড়ির মাল্লাবাড়িতে। প্রতি বছরের মতো এ বছরও ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়।

জানা গিয়েছে, একসময় এই পুজো টানা তিনদিন ধরে পালিত হতো। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানে একদিনের মধ্যেই সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে।
ধীমাল জনজাতির প্রবীণ প্রতিনিধি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক গর্জেন কুমার মল্লিক জানান, বর্ষা শুরুর আগে পর্যাপ্ত বৃষ্টিপাতের কামনা, কৃষিকাজের সাফল্য এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা জানিয়ে প্রতিবছর এই দেরাদি পুজোর আয়োজন করা হয়।
এদিন পুজোকে ঘিরে ধীমাল সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। নিজেদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে জনজাতির মানুষজন নিষ্ঠার সঙ্গে এই পুজো পালন করেন বলে জানা গিয়েছে।

