নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ মানেই একসময় বাঙালির ঘরে ঘরে হালখাতা, নতুন খাতা খোলা, সঙ্গে থাকত বাংলা ক্যালেন্ডার বিতরণ এবং মিষ্টিমুখের আনন্দঘন পরিবেশ। কিন্তু সময়ের স্রোতে সেই চিরচেনা ঐতিহ্য আজ অনেকটাই ফিকে হয়ে এসেছে। আধুনিকতার ছোঁয়ায় বহু ব্যবসায়ীই ধীরে ধীরে সরে গিয়েছেন এই প্রথা থেকে।

তবে এর মধ্যেও কিছু মানুষ রয়েছেন, যারা এখনও আগলে রেখেছেন সেই পুরনো দিনের সংস্কৃতি ও আবেগ। তাঁদেরই একজন শিলিগুড়ির হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, যিনি বাপি নামেই বেশি পরিচিত। হায়দরপাড়ায় তাঁর ‘ঘোষ কনস্ট্রাকশন’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিবছরের মতো এবারও তিনি বাংলা নববর্ষকে স্বাগত জানাতে আয়োজন করেছেন ঐতিহ্যবাহী হালখাতা অনুষ্ঠান। তাঁর প্রতিষ্ঠানে গণেশ পুজোর মাধ্যমে শুরু হবে এই আয়োজন। এরপর গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে বাংলা ক্যালেন্ডার, আর থাকবে মিষ্টিমুখের ব্যবস্থাও।
সুজিত ঘোষ জানান, বাংলা নববর্ষের এই প্রাচীন রীতি তিনি বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তাঁর মতে, এই ধরনের আয়োজন শুধু ব্যবসার অংশ নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
যেখানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বহু প্রথা হারিয়ে যাচ্ছে, সেখানে সুজিত ঘোষের মতো মানুষের উদ্যোগই মনে করিয়ে দেয়—ঐতিহ্য এখনও জীবিত, শুধু প্রয়োজন আন্তরিকতার সঙ্গে তাকে ধরে রাখার।

