উচ্চমাধ্যমিকে কৃতিত্বের নজির, রাজ্যে অষ্টম স্থান দখল করল শিলিগুড়ির শ্রেয়সী

নিজস্ব প্রতিবেদক : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দে মেতে উঠেছে শিলিগুড়ি শহর। শহরের একতিয়াশাল এলাকার মেধাবী ছাত্রী শ্রেয়সী শীল এবারের পরীক্ষায় রাজ্যস্তরে অষ্টম স্থান অর্জন করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে। কলা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে মোট ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।

ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শ্রেয়সীর এই সাফল্যে খুশির হাওয়া তার পরিবার থেকে শুরু করে স্কুল ও গোটা এলাকাজুড়ে। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে উঠেছে তাদের বাড়ি। প্রতিবেশীরাও শ্রেয়সীর এই কৃতিত্বকে নিজেদের গর্ব হিসেবে দেখছেন।

অত্যন্ত সাধারণ পরিবারে বেড়ে ওঠা শ্রেয়সীর বাবা বাড়ির সামনেই একটি ছোট মুদিখানা দোকান চালান। তার মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কোনও খামতি রাখেননি বাবা-মা। তাঁদের নিরলস পরিশ্রম, উৎসাহ ও সহযোগিতার ফলেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছে শ্রেয়সী।

ভবিষ্যতে ভূগোল বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি সরকারি চাকরির মাধ্যমে সমাজের জন্য কাজ করার স্বপ্নও লালন করছে সে। নিজের এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব শ্রেয়সী দিয়েছে তার শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা এবং গৃহশিক্ষকদের।

তাঁদের সার্বক্ষণিক সহযোগিতা ও অনুপ্রেরণাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানায় মেধাবী এই ছাত্রী।শ্রেয়সীর এই অসাধারণ ফল শুধু তার পরিবারের জন্য নয়, সমগ্র শিলিগুড়িবাসীর কাছেই এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।