প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল বৃহস্পতিবার সকালে। পরীক্ষা শেষের প্রায় ৭৬ দিনের মধ্যেই ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর মোট ৬ লক্ষ ২৬ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ।

জেলার ভিত্তিতে পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৪.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এবারের মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৮ জন ছাত্রী এবং ৫৬ জন ছাত্র রয়েছে। রাজ্যের মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়ারা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল।

এবারের পরীক্ষায় প্রথম তিনটি স্থানই দখল করেছে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।২০২৬ সাল থেকেই প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। গত ৩১ অক্টোবর প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

সেই পরীক্ষার ফল প্রকাশের দিনই সম্ভাব্য প্রথম দশের তালিকাও প্রকাশ করা হয়। সেই তালিকায় শীর্ষে ছিলেন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্যনারায়ণ জানা। তাঁরা দু’জনেই পেয়েছিল ৯৮.৯৭ শতাংশ নম্বর।

এবার মোট ১৫টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। প্রায় ৬৬ হাজার ৪৮৬ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এদিকে ফল প্রকাশের পর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর-এর আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ মে রাত ১২টার পর থেকে। যেসব পরীক্ষার্থী নিজেদের ফলাফলে সন্তুষ্ট নয় এবং পুনরায় পরীক্ষায় বসতে চায়, তারা স্কুলে ফল জমা দিয়ে শিক্ষা সংসদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

এবারের পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা গ্রামের ছাত্র যিস্নু কুন্ডুও। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র যিস্নু পেয়েছে ৪৯৫ নম্বর। তার বাবা অর্ণব কুন্ডু এবং মা মৌমিতা কুন্ডু। পঞ্চম শ্রেণি থেকে সে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে।