মানবসেবায় অনন্য দৃষ্টান্ত, স্বাস্থ্য শিবিরে ডা. শীর্ষেন্দু পাল

নিজস্ব প্রতিবেদক : মানুষের সেবাই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। ব্যস্ত চিকিৎসা পেশার মাঝেও সমাজকল্যাণে সময় বের করে চলেছেন তিনি। রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য শিবিরে তাঁর উপস্থিতি ও নিষ্ঠা মুগ্ধ করল বহু মানুষকে।

রবিবার পোড়াঝাড়ে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল নজির গড়লেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডা. শীর্ষেন্দু পাল। সকাল থেকেই তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

শিবিরে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি সুগার, রক্তচাপ এবং কোলেস্টেরল পরীক্ষার ব্যবস্থাও করা হয়। ফলে এলাকার বহু মানুষ বিনা খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সুযোগ পান।

ডা. পাল জানান, চিকিৎসা পেশার ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করেন। তাঁর মতে, মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার মধ্যেই প্রকৃত তৃপ্তি ও গর্ব নিহিত রয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন।

রামকৃষ্ণ মিশনের এই স্বাস্থ্য শিবির স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষভাবে উপকারী হয়ে ওঠে। বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা পেয়ে উপকৃত হন বহু মানুষ।