নিজস্ব প্রতিবেদক : সবুজায়নের নতুন উদ্যোগে শামিল হল বিদ্যালয়, সমাজসেবী সংস্থা ও এলাকার বিশিষ্টজনেরা।
হায়দরপাড়ার বুদ্ধভারতী হাই স্কুলের খেলার মাঠকে পরিবেশবান্ধব উদ্যান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হল প্রস্তুতি।বৃক্ষরোপণের পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।

শিলিগুড়ির হায়দরপাড়ায় অবস্থিত বুদ্ধভারতী হাই স্কুলের খেলার মাঠকে একটি মনোরম উদ্যানে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাইয়ের সহযোগিতায় মঙ্গলবার বিদ্যালয় সংলগ্ন ওই মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রকল্পের সূচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য মিশ্র জানান, রাজ্যের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ কলকাতায় বাজেট অধিবেশনের কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই উদ্যোগের সাফল্য কামনা করেছেন। একইভাবে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ও কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাইয়ের সদস্য ও অতিথিদের পাশাপাশি এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি, লায়ন কৌশিক চক্রবর্তী, হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি -সহ আরও অনেকে।
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাইয়ের তরফে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার জন্য দশ হাজার টাকার খেলার সামগ্রী দান করা হয়।সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন আয়োজকরা।

