কৃতী ছাত্রকে সংবর্ধনা, উচ্ছ্বাসে মুখর মাতঙ্গিনী শিশু নিকেতন

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ বিদ্যালয়ের।আইসিএসই পরীক্ষায় সাফল্যের জন্য কৃতি ছাত্রকে প্রকাশ্যে সম্মাননা।
করতালি ও শুভেচ্ছায় ভরে উঠল গোটা বিদ্যালয় প্রাঙ্গণ।

ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আরও বেশি উৎসাহ সৃষ্টি করতে এবং মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে মর্যাদা দিতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া হাতিয়াডাঙার মাতঙ্গিনী শিশু নিকেতন। বৃহস্পতিবার বিদ্যালয়ের নিয়মিত পঠন-পাঠন শুরু হওয়ার আগে প্রার্থনা পর্বের শেষে সকলের সামনে এক আবেগঘন ও গর্বের পরিবেশ তৈরি হয়।

চলতি বছরের আইসিএসই পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিদ্যালয়ের এক শিক্ষিকার পুত্র। তার এই কৃতিত্বকে স্বীকৃতি জানাতে এবং অন্যান্য শিক্ষার্থীদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দাস এবং প্রধান শিক্ষিকা চন্দ্রালিকা দাস কৃতী ছাত্রটির হাতে ফুলের তোড়া ও স্মারক উপহার তুলে দেন। এই সম্মাননা গ্রহণের মুহূর্তে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বসিত করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার জন্য তাদের অনুপ্রাণিত করে। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কৃতী ছাত্রটির উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্যময় জীবন কামনা করা হয়েছে।